একতা ডেস্কঃ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা এবং প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা বাড়াতে আলোচনা করেছে বাংলাদেশ ও চীন। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে জ্ঞান বিনিময় ও পারস্পরিক অংশীদারত্ব জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার গুলশানে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) কার্যালয়ে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) একাডেমির দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বিসিসিসিআই নেতাদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সিসিপিআইটি একাডেমির প্রেসিডেন্ট ঝাও পিং। বৈঠকের শুরুতে তাঁদের স্বাগত জানান বিসিসিসিআইয়ের মহাসচিব জামিলুর রহমান।
আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বড় ভোক্তা বাজার, জনমিতিক সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণের সুযোগের প্রশংসা করেন ঝাও পিং। দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক পরিবেশ নিয়ে গবেষণায় বিসিসিসিআইয়ের অংশগ্রহণের সম্ভাবনাকেও তিনি ইতিবাচক হিসেবে দেখেন। এ ছাড়া চীনের নীতি ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সিসিপিআইটি একাডেমির প্রশিক্ষণ কর্মসূচি নিয়েও কথা হয়।
বৈঠকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে জ্বালানি, প্রদর্শনী শিল্প এবং গবেষণা ও জ্ঞান বিনিময়কে চিহ্নিত করা হয়। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি সংরক্ষণাগার স্থাপন, ব্যাটারি প্রযুক্তি এবং সৌরবিদ্যুৎ খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
এ ছাড়া চট্টগ্রামের প্রদর্শনীকেন্দ্রের অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহন, সৌরশক্তি ও খাদ্যপণ্য নিয়ে বিশেষায়িত প্রদর্শনীর আয়োজন এবং বিভিন্ন খাতে যৌথ গবেষণার প্রস্তাব উঠে আসে।
বিসিসিসিআইয়ের নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের বৈঠকে দুই প্রতিষ্ঠানের এক দশকের সম্পর্কের কথা উল্লেখ করেন। চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ বাড়াতে সিসিপিআইটির সহযোগিতাও কামনা করেন তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিসিসিআইয়ের সহসভাপতি খন্দকার আতিকুর রহমান ও মাসুদ আলী খান, উপদেষ্টা মোঃ ফয়জুল আলম এবং পরিচালক ড. মোঃ রাকিবুল হক।
যৌথ গবেষণা, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ এবং প্রদর্শনী শিল্পের বিকাশের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।
Leave a Reply