একতা ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফরটি হতে পারে।
এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। এবার নতুন করে সফরের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে আলোচনা আরও এগিয়ে যেতে পারে।
তবে সফরটি শেষ পর্যন্ত হবে কি না, তা নির্ধারণে ঢাকার জন্য ভারতের কাছে উত্থাপিত কয়েকটি অমীমাংসিত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও রয়েছে। এসব ইস্যুতে কোনো সমাধান বা অগ্রগতি হলে সফরের চূড়ান্ত সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে।
এরই মধ্যে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর জবাবে মোদিও দ্রুত প্রতিক্রিয়া জানান। দুই নেতার এই বার্তা বিনিময়ের পর ভারত সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। দুই দেশই বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিশ্চিত বা অস্বীকার করেনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(এনএসএ) অজিত দোভাল ঢাকা সফর করেন। বিশ্লেষকদের মতে, তাঁর এই সফর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমাতে ভূমিকা রাখতে পারে। তবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।
ফলে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর অগ্রগতি তারেক রহমানের ভারত সফরের সময়সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
Leave a Reply