একতা ডেস্কঃ আবারও ভূরাজনৈতিক উত্তেজনার ঢেউ উঠেছে বিশ্ববাজারে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে, এই খবরে বিশ্বব্যাপী অর্থনৈতিক বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। সিএনএনের এই প্রতিবেদনের পরপরই বুধবার অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে গেছে, একই সঙ্গে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকেও ঝুঁকেছেন, যার ফলে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। হংকংভিত্তিক সংবাদ সংস্থা এএফপি জানায়, এই তথ্য প্রকাশের পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্ববাণিজ্য ও জ্বালানির সরবরাহকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে।
আশ্চর্যজনকভাবে, এশিয়ার শেয়ারবাজারে এর খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি। বেশিরভাগ বাজারই আগের দিনের ইতিবাচক ধারায় এগিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত এবং ইসরাইলের কড়া অবস্থান মধ্যপ্রাচ্যকে সরাসরি সংঘাতের পথে ঠেলে দিতে পারে। ওয়েস্টপ্যাক ব্যাংকের বিশ্লেষক রবার্ট রেনি বলেন, ‘এই মুহূর্তে এটি সবচেয়ে স্পষ্ট বার্তা যে আলোচনা ভেস্তে গেলে ইসরাইল কতদূর যেতে পারে এবং বাজারে অপরিশোধিত তেলের ঝুঁকি প্রিমিয়াম দীর্ঘস্থায়ী হতে পারে।’ চলতি মাসের শুরু থেকে তেলের দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্য উত্তেজনা সাময়িকভাবে কমে আসায় ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উন্নতিতে এই প্রবণতা দেখা যাচ্ছে।
এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজার বুধবারও ঊর্ধ্বমুখী ছিল। হংকং, সাংহাই, সিডনি, সিউল, ওয়েলিংটন, তাইপে, ম্যানিলা ও মুম্বাইয়ের বাজার ছিল চাঙা। টোকিও, সিঙ্গাপুর ও ব্যাংককের বাজার কিছুটা পিছিয়েছে। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বেইজিং চিপ রপ্তানির ওপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণকে ‘বুলিং’ বা নিপীড়নমূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ‘অ্যাসেন্ড’ নামের উন্নত এআই চিপ ব্যবহারের ব্যাপারে সতর্ক করে জানিয়েছে, এটি রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের সুদের হার কবে কমবে-তা নিয়ে বিনিয়োগকারীদের আশা আবারও ধাক্কা খেয়েছে। ফেডারেল রিজার্ভের একাধিক শীর্ষ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।
Leave a Reply