একতা ডেস্কঃ ভারতের নয়াদিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের ব্যাপক প্রচেষ্টা শুরু করেছে দেশটির পুলিশ। দিল্লিতে অবৈধ উপায়ে বসবাসকারী ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করার তথ্য জানিয়েছে পুলিশ। এ ছাড়া সেখানকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারও করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের।
গতকাল রবিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। এক বিবৃতিতে দিল্লি পুলিশ বলেছে, বাংলাদেশি অভিবাসীদের অবৈধ বসবাসের বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় আউটার ডিস্ট্রিক্ট পুলিশ দিল্লিতে বৈধ নথিপত্রবিহীন ব্যক্তিদের শনাক্ত, আটক এবং প্রত্যাবাসনের প্রচেষ্টা জোরদার করেছে।’ সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় দিল্লি পুলিশ একাধিক যৌথ অভিযান পরিচালনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জেলাজুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্তের লক্ষ্যে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা ও তথ্য সংগ্রহের জন্য ডিস্ট্রিক্ট ফরেইনার সেলের কর্মকর্তাসহ থানা পুলিশ ও পুলিশের স্পেশাল শাখার সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে।
অভিযান চলাকালে আউটার ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের বাসায় বাসায় গিয়ে তল্লাশি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। দিল্লি পুলিশ বলেছে, আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় বসবাসকারী ১৭৫ বাংলাদেশি সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। এই বাংলাদেশিদের পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ, তাদের নথিপত্র সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা হয়েছে। পরে তাদের নিজ নিজ এলাকায় স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply