একতা ডেস্কঃ পাকিস্তান চীনের তৈরি ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কিনছে। এ প্রসঙ্গে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে বেইজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, চীনের তৈরি এই যুদ্ধবিমানটি হলো ফাইটার জেট জে-৩৫এ। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। এই যুদ্ধবিমান জে-৩৫এ দেখতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫-এর মতোই। পার্থক্য শুধু, জে-৩৫এ দুটি ইঞ্জিন আছে এবং এফ-৩৫ এর আছে একটি ইঞ্জিন।
সবকিছু ঠিক থাকলে চীনের বাইরে পাকিস্তানই প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান জে-৩৫এ এর একটি স্কোয়াড্রন থাকবে। একই সঙ্গে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও স্থাপিত হবে। পাকিস্তানের সব সময়ের মিত্র দেশ চীন। বহু আগে থেকেই দেশটিকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে বেইজিং। একই সঙ্গে দেশ দুটির চিরশত্রু একই-ভারত। আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের এতদিনের ভরসা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি পুরোনো আমলের এফ-১৬ এবং ফ্রান্সের তৈরি মিরাজ যুদ্ধবিমান। এই দুটি যুদ্ধবিমানই বদলে ফেলতে চাইছে পাকিস্তান। এই ক্ষেত্রে ইসলামাবাদকে সহায়তার পথে হাঁটছে বেইজিং।

Leave a Reply