একতা ডেস্কঃ বাংলাদেশ ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে। এত দিন বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ ছিল। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলপথে সুতা আমদানির সুবিধা বন্ধ করে দেয়। বাংলাদেশের রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিল। সুতা আমদানি বন্ধ করায় বাংলাদেশের কী লাভ হলো? ভারত থেকে সুতা আমদানিতে মিথ্যা ঘোষণা ও কম মূল্যে সুতা রপ্তানির অভিযোগ করেছেন বাংলাদেশের বস্ত্র খাতের ব্যবসায়ীরা। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, স্থলসীমান্তে বাংলাদেশ কাস্টমসে যে পরিমাণ সুতা আমদানির কথা বলা হয়, এর চেয়ে বেশি সুতা দেশে আসে।
লোকবলের অভাবে সশরীরে পরিদর্শন করার সক্ষমতা কম কাস্টমস কর্তৃপক্ষের। এই সুযোগে ৩০ কাউন্টের সুতার চালানের ভেতরে ৮০ কাউন্টের সুতা আনার অভিযোগও আছে। বাংলাদেশের সুতার চেয়ে কম দামে ভারত সুতা রপ্তানি করত। পড়পড়তায় দেশের বাজারের সুতার চেয়ে ৩ থেকে ৫ শতাংশ কম দামে ভারত থেকে সুতা আসত। বেনাপোল সীমান্তের আশপাশে সুতা মজুত করা হতো এবং আমদানি আদেশ পাওয়ার দু-এক দিনের মাথায় পণ্য পাঠিয়ে দিতেন ভারতীয় রপ্তানিকারকেরা। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আসার সুযোগ ছিল। সুতার সূক্ষ্মতা ও স্থূলতা পরিমাপ হয় কাউন্ট দিয়ে। কিন্তু বাংলাদেশের স্থলবন্দরে সুতার সুক্ষ্মতা ও স্থূলতা মাপার পর্যাপ্ত বস্ত্রপাতি নেই।
কয়েক বছর আগে বেনাপোল স্থলবন্দরে সুতার সুক্ষ্মতা ও স্থূলতা পরিমাণের জন্য যন্ত্রপাতি বসালেও দুই মাসের মাথায় তা অকেজো হয়ে যায়। ফলে অনেক আমদানিকারক মিথ্যা ঘোষণা দিয়ে বেশি কাউন্টের সুতা এনেছেন। শুল্ক কর্মকর্তারা জানান, স্থলপথে সুতা এলে প্রকৃতভাবে গুস্কায়ন প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন। মিথ্যা ঘোষণায় পণ্য চলে আসে। তাই সমুদ্রপথে সুতা আনলে আমদানির প্রবাহ এক জায়গা দিয়ে হয়, তাতে শুল্ক কর্মকর্তা ও আমদানিকারকদের জন্য সুবিধা হয়।
এ বিষয়ে বিটিএমএর পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, নিট পোশাকশিল্পের মালিকেরা আগে যত সুতা লাগত, এর চেয়ে ৩২ শতাংশ বেশি সুতা আমদানি করতে পারে। স্থলপথে সুতা আমদানিতে এই সুযোগের অপব্যবহার হয়। তিনি বলেন, স্থলপথে সুতা আমদানি বন্ধ করায় এসব অনিয়ম বন্ধ হবে। এতে স্থানীয় উৎপাদকেরা লাভবান হবেন।
বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর তথ্যানুযায়ী, দেশের ৫১৯টি স্পিনিং মিল রয়েছে। এসব স্পিনিং মিল নিট কাপড়ের ৮৫-৯০ শতাংশ এবং ওডেন কাপড়ের প্রায় ৪০ শতাংশ সুতা সরবরাহ করে থাকে। এত স্পিনিং মিল থাকার পরও ভারত থেকে আমদানি করা সুতায় দাম একটু কম থাকায় আমদানি বাড়ছে।
কেন আমদানি বেড়েছিল, এমন প্রশ্নের জবাবে স্পিনিং মিলের মালিকেরা বলছেন, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে অধিকাংশ স্পিনিং মিল উৎপাদন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ ব্যবহার করতে পারছে না। এ ছাড়া গত দুই বছরে প্যাসের দাম ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে সুতার উৎপাদন খরচও বেড়েছে। অন্যদিকে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা দেশি বস্ত্রকলের সুতা ব্যবহারে নগদ সহায়তার হারও কমানো হয়েছে। এতে অনেক রপ্তানিমুখী পোশাক কারখানার মালিকেরা ভারতের সুতা ব্যবহারে উৎসাহী হন।

Leave a Reply