একতা ডেস্কঃ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা সই হয়।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস এম সোবার্স এমপি সমঝোতা স্মারকে সই করেন।
হুমায়ুন কবির বলেন, কমনওয়েলথ, জাতিসংঘ ও জি-৭৭সহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে অংশীদার হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আগ্রহ রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমঝোতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত পর্যালোচনার সুযোগ তৈরি করবে। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, কারিগরি ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনার জন্য এই সমঝোতা একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
Leave a Reply