একতা ডেস্কঃ কুষ্টিয়া জেলার খোকসার পাইকপাড়া-মির্জাপুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ৩১ মে, শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, খুলনা মেট্রো-ড ১১-০১৮০ নম্বরের একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘প্রভাতী ডিলাক্স’ বাসটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশে পানিতে পড়ে যায়।
উপস্থিত যাত্রীরা বাসের ছাদে উঠে জীবনের ঝুঁকি থেকে বাঁচেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আরিফুল ইসলাম জানান, প্রায় ৩০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সেই কাটা হাত ও স্বর্ণালংকারসহ কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে প্রায় এক ঘণ্টা।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনও আহত অনেকের পরিচয় জানা যায়নি। স্বজনদের অনেকেই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসছেন। ঘটনাস্থলে এখনও ভিড় করছেন শত শত মানুষ।
Leave a Reply