একতা ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান যাত্রীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিভিন্ন নির্দেশনাসহ পরিপত্র জারি করেছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সিএ-২ অধিশাখা থেকে পরিপত্রটি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন। অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যে কোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে, এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে। এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিগুলো সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে। একই সঙ্গে ট্রাভেল এজেন্সিগুলো বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স থেকে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান ও টিকিট বিক্রয়ের রসিদ প্রদান করবে।
চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টের মাধ্যমে এয়ার টিকিট বিক্রয়ের কারণে টিকিটের দাম বৃদ্ধি পেলে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি-১৫ অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত/বাতিল করা হবে। বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিসমূহ ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক/কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে।
Leave a Reply