সুজন বিপ্লব, ঝিনাইদহ থেকেঃ মহান মে দিবসের চেতনায় ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন, রেশন ও সামাজিক সুরক্ষাসহ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করাসহ শ্রমশোষণ বিলোপ করে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় বেগবান শ্রমিকশ্রেণির গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার বিপ্লবী শপথে দিবসটি এবারে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সিপিবি শৈলকূপা শাখার নেতাকর্মীরা শহরে প্ল্যাকার্ড, ফেস্টুন, লাল পতাকা শোভিত বিক্ষোভ মিছিলে নানা দাবিতে স্লোগান দেয়।
১৩৯তম মহান মে দিবসের আহ্বানে সকল প্রকার শ্রমিক নির্যাতন ও বৈষম্য নিপাত যাক, ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়ন, রেশন, পেনশন, সামাজিক সুরক্ষাসহ শ্রমশোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলায় নিয়োজিত শ্রমিকশ্রেণি, সর্বজন ও দেশবাসীকে ১লা মে আন্তর্জাতিক শ্রমজীবী দিবস তথা মহান মে দিবসের শুভেচ্ছা ও আত্মনিবেদিত মে শহীদ ও বীর সংগ্রামীদের প্রতি অতলান্ত শ্রদ্ধা জ্ঞাপন, ইজারা পদ্ধতি বাতিল করে বাঁওড়সহ সকল জলমহালে রাষ্ট্রীয় অর্থায়ন ও তদারকি, যৌথ উৎপাদন চুক্তি, সমাজভিত্তিক সমবায় মালিকানার নিশ্চয়তা, ভূমিহীনদেরকে খাসজমি বরাদ্দসহ শ্রমিক, ক্ষেতমজুর, গ্রামীণ শ্রমজীবী, মৎস্যজীবী জেলে শ্রমিক ও জনগণের হক আদায়ের স্লোগানে আজ দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শৈলকূপা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। এসময়ে উপস্থিত ছিলেন ভেটেরান কমরেড আবু কালাম আজাদ, পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য সুজন বিপ্লব, শৈলকূপা শাখা সম্পাদক কমরেড সাজ্জাদ হোসেন, সিপিবি নেতা সৈয়দ আসাদুজ্জামান বাদশা, শাখা সদস্য বায়েজিদ চাষা প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply