‘সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই’
মুন্সী হাবিবুল্লাহঃ মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও নানা ধরনের সামাজিক অবক্ষয়ের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের মাঠমুখী করতে হবে। আর এ ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাঠের খেলাই হতে পারে অবক্ষয়ের বিরুদ্ধে ঢাল
মন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে।
তরুণদের মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খেলাধুলার প্রসার ঘটাতে হবে। একই সঙ্গে উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অপসংস্কৃতির বিরুদ্ধে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা
নিতাই রায় চৌধুরী বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, ফুটবল, দাঁড়িয়াবান্ধা ও নৌকাবাইচসই দেশীয় খেলাধুলা ও লোকজ ঐতিহ্যকে সারাদেশে ছড়িয়ে দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
জেলা ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করারও আহ্বান জানান তিনি।
‘খেলাধুলা মানুষের জীবনের প্রাণশক্তি’
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, খেলাধুলা মানুষের জীবনের প্রাণশক্তি। এই প্রাণশক্তির বিকাশে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, তরুণ সমাজের উদ্যম ও উচ্ছ্বাসকে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাঠে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে।
গোল্ডকাপের পর্দা উঠল মাগুরায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাগুরা সদর উপজেলা ও মহম্মদপুর উপজেলা। খেলার উদ্বোধনকালে মন্ত্রী ‘আমরা করব জয়’-এই প্রত্যয় ব্যক্ত করে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের উৎসাহিত করেন।
Leave a Reply