একতা ডেস্কঃ অভিযান চালিয়ে চিড়িয়াখানার সন্ধান পাওয়া গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ইটভাটায়। সেখানে অসংখ্য হরিণ, কবুতর, গরু, ভেড়া, ইমু পাখিসহ বিভিন্ন প্রাণীর দেখা মিলল। গতকাল মঙ্গলবার সকালে আশুলিয়ার মির্জানগর এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মালিকানাধীন সাভার রিফ্যাক্টরিজ পিএসসি নামে সিরামিকস ইট তৈরির কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্যাক্টরিজ পিএলসির পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি।
নির্বাহী ম্যাজিস্ট্রট জহিরুল আলম জানান, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আশুলিয়ার মির্জানগর এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মালিকানাধীন সাভার রিফ্যাক্টরিজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় কনফোর্স লিমিটেড নামের অপর একটি সিরামিকের ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। চিড়িয়াখানায় বন্যপ্রাণীসহ বিভিন্ন পশুপাখির বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলেন, এখানে বন্যপ্রাণী সংরক্ষণ নীতিমালা ও আইনের কোনো ব্যত্যয় হয়েছে কিনা তা দেখবে বন বিভাগ।
Leave a Reply