একতা ডেস্কঃ বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর মুম্বাইয়ের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর জানিয়েছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় শুয়ে শাহরুখ খান ও কাজল অভিনীত সিনেমার গান দেখে তাঁর মুখে হাসি ফুটতে দেখা গেছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও প্রকাশ করেন নুসরাত। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশনে গান দেখছেন তিনি। পর্দায় চলছিল শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জনপ্রিয় গান ‘গেরুয়া’। এ সময় হাসপাতালের কর্মীরা তাঁকে খাবার খেতে সাহায্য করছিলেন। অসুস্থতার মধ্যেও প্রিয় তারকাদের গান দেখে তাঁর মুখে হালকা হাসি ফুটে ওঠে।
ভিডিওটির সঙ্গে নুসরাত লেখেন, ‘আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়। সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত।’
অভিনেত্রীর এই পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন নুসরাত।
এর আগে ইনস্টাগ্রামে জানালার পাশে রাখা একটি হেলান দেওয়া হুইলচেয়ারের ছবিও প্রকাশ করেছিলেন তিনি। জানালার বাইরে দেখা যাচ্ছিল সূর্যাস্তের দৃশ্য। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছিলেন, ‘সারা জীবন সূর্যাস্তের পেছনে ছুটেছি। আর হঠাৎ করেই আমার দেখার দৃশ্যটা বদলে গেল। তবে বন্ধু, সিনেমার গল্প এখনো বাকি।’
কাজের সূত্রে ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নুসরাত। মেরুদণ্ডে চিড় ধরার পর সেখানে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় এবং অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাঁর সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসা।
নুসরাতকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘উফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায়। ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সোহম শাহ ও নোরা ফাতেহি। আপাতত নতুন কাজের চেয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠাই অভিনেত্রীর প্রধান লক্ষ্য।
Leave a Reply