একতা ডেস্কঃ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে ১৬ লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন। মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫০ বছরের বেশি সময় ধরে চলমান এই নিয়ম যদি ট্রাম্প বাদ দিয়ে দেন, তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে চালু থাকা এই বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।
ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা এটা বদলে ফেলতে চলেছি। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এ বিষয়ে সোচ্চার হয়েছিলেন ট্রাম্প। তবে নিয়ম বদলের মতো কঠোর কোনো পদক্ষেপ তখন তিনি নেননি। এখন নিয়ম পরিবর্তনের কথা তুলেছেন তিনি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি পরিবারগুলো ভাঙতে চাই না। তাই একমাত্র উপায়, সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো। অর্থাৎ আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
অভিবাসনপন্থি হিসেবে পরিচিত ক্যাটো ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স নাওরাস্তেহ বার্তা সংস্থা এপিকে বলেন, আমি তার (ডোনাল্ড ট্রাম্প) এমন অবস্থানকে খুব একটা গুরুত্ব দিই না। তিনি প্রায় এক দশক ধরে এ কথা বলে আসছেন। ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রচলিত নিয়মে পরিবর্তন আনার বিষয়টি এগিয়ে নিতে নিজের আগের শাসনামলে কিছুই করেননি।

Leave a Reply