একতা ডেস্কঃ কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সুমন নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে সুমনকে আটক করে। পরে তাঁকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়।
পুলিশ সুপার আরও জানান, কুমিল্লায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে সংবাদ সম্মেলনের সময় এখনো নির্ধারণ করা হয়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সুমন সেই সিএনজিচালিত অটোরিকশার চালক, যেটিতে করে ওই স্কুলছাত্রী যাতায়াত করেছিল।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আব্দুল আলিমের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে।
জান্নাতুলের বাবা আব্দুল আলিম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারের সদস্যদের নিয়ে তিনি কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
এ ঘটনায় জান্নাতুলের বাবা বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
Leave a Reply