ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কায় বাড়ি ছেড়ে যাওয়া স্কুলছাত্রী মিনা চাকমার পরিবারের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে ২টি ছাগল উপহার দিয়েছে মহালছড়ি জোন।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) মহালছড়ি জোনের পক্ষ থেকে মিনা চাকমার পরিবারের হাতে ছাগল দুটি তুলে দেওয়া হয়। এর আগে মিনা চাকমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছিল জোন কর্তৃপক্ষ।
মিনা চাকমা (১৩), ডাকনাম ঝিনা, মহালছড়ি উপজেলার ৩ নম্বর ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি মুখ এলাকার বাসিন্দা। সে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে না পারার আশঙ্কায় গত ২১ সেপ্টেম্বর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায় সে। পরে বিষয়টি জানার পর মহালছড়ি জোন তার পরিবারের খোঁজখবর নেয় এবং মিনার শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে।
গত ৪ অক্টোবর জোনের একটি প্রতিনিধি দল মিনার বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করে। একই সঙ্গে মিনার পড়াশোনার যাবতীয় খরচ বহনের আশ্বাস দেওয়ার পাশাপাশি পরিবারকে স্বাবলম্বী করতে দুটি ছাগল দেওয়ার কথা জানানো হয়। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এবার পরিবারটির হাতে ছাগল দুটি তুলে দেওয়া হয়েছে।
পরিবারটির আশা, ছাগল পালনের মাধ্যমে ভবিষ্যতে আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে এবং ধীরে ধীরে আর্থিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। পাশাপাশি মিনার পড়াশোনা অব্যাহত রাখার পথও সুগম হবে।
মহালছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তা ও শিক্ষার প্রসারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এলাকাবাসীর মতে, আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।
মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
Leave a Reply