একতা ডেস্কঃ সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে আমিনীকে গ্রেপ্তার করেন।
গত ১৩ অক্টোবর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে দেবহাটায় গণপিটুনির শিকার হন ৩৮ বছর বয়সী ওয়াহিদুজ্জামান শামীম। পরে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল জলিল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারে নাম থাকা পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করে। সর্বশেষ প্রধান আসামি আমিনীকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
Leave a Reply