একতা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনের এই বৈঠক শেষ হবে আগামীকাল শুক্রবার। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি বাণিজ্যিক বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দর-সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
প্রতিনিধিদলের একজন সদস্য জানান, বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য-সংশ্লিষ্ট প্রায় সব বিষয়ই আলোচনায় তোলা হবে। তবে ভারতীয় পক্ষ কোন কোন বিষয় উত্থাপন করবে, তা এখনো জানা যায়নি। তাঁর ভাষায়, এটি মূলত আলোচনা ও মতবিনিময়ের প্ল্যাটফর্ম, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা নয়।
ওই কর্মকর্তা জানান, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বা সিইপিএ বর্তমানে বাংলাদেশের আলোচ্যসূচিতে নেই। তবে দুই দেশের বাণিজ্য ঘাটতির বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। কারণ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির তুলনায় ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানির পরিমাণ অনেক বেশি।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে ভারত বাংলাদেশে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের ব্যবসায়ীরা ভারতের বাজার থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকেন।
Leave a Reply