একতা ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই সর্বনিম্ন ভাড়া যতটা সম্ভব কম বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে ভাড়া নিয়ে নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে লঞ্চ মালিকরা যাত্রীপ্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌপরিবহনমন্ত্রীকে চিঠি দেন। এতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী দূরত্বে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হয়।
এদিকে বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
Leave a Reply