সোহাগ সন্ধিঃ জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক জলাশয়ে মৎস্যসম্পদ বাড়ানোর লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলায় ১১০০টি চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার(২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে ১০ থেকে ১১ ইঞ্চি আকারের এসব পোনা ছাড়া হয়। Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে অর্থায়ন করেছে ঢাকায় সুইডিশ দূতাবাস। বাস্তবায়নে ছিল সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (CNRS)। শালিখা উপজেলা মৎস্য দপ্তর কারিগরি সহায়তা এবং উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করে।
কানুদার খাল মৎস্য অভয়াশ্রম, ফটকি নদীর চুকিনগর এলাকা এবং ভাটোয়াইল গ্রামের কাছের একটি মৎস্য অভয়াশ্রমে এসব পোনা অবমুক্ত করা হয়।
আয়োজকরা জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিস্তার নিশ্চিত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন বাড়ানো এ উদ্যোগের মূল উদ্দেশ্য। স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য বাড়ার পাশাপাশি এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জীবিকার স্থিতিশীলতা জোরদার হবে বলে আশা করছেন তারা।
পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, সিএনআরএসের ফিল্ড ম্যানেজার সরোয়ার হোসেন এবং সাইট অফিসার মোঃ সাহিদুল ইসলাম।
এ সময় মঘি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুদ্দিন মন্ডল, আড়পাড়া-চুকিনগর এলাকার সদস্য প্রদীপ মণ্ডল, রাজীব মন্ডল, আরাফাত বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
B4RL প্রকল্পটি CNRS এর নেতৃত্বে BELA, CEDIO ও IUCN-এর অংশীদারিত্বে বাস্তবায়িত হচ্ছে। পরিবর্তিত গাঙ্গেয় বদ্বীপের পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাকে আরও সহনশীল ও টেকসই করার লক্ষ্যে প্রকল্পটির আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply