উন্নত খামার ব্যবস্থাপনা ও নিরাপদ বিপণনের ওপর গুরুত্ব
সোহাগ সন্ধিঃ মাগুরার শালিখায় উপজেলা পর্যায়ে ব্রয়লার খামারি ও বিক্রেতাদের নিয়ে দুই দিনব্যাপী ‘উন্নত খামার ব্যবস্থাপনা ও নিরাপদ বিপণন’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার(৭ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২দিন ব্যাপী প্রশিক্ষণ চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারীন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ব্রয়লার খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং সঠিকভাবে মুরগি বাজারজাতকরণে দক্ষ করে তোলা।
প্রশিক্ষণে আর্থ-সামাজিক উন্নয়নে পোল্ট্রি খাতের ভূমিকা, ব্রয়লার মুরগির বৈজ্ঞানিক বাসস্থান নির্মাণ, খাদ্য ব্যবস্থাপনা, বাচ্চা ব্যবস্থাপনা ও সুষম খাদ্য প্রস্তুত, এফসিআর, পুষ্টি ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা, টিকার নিয়মাবলি ও বিভিন্ন রোগের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ, মানবদেহে এর প্রভাব, মুরগির নিরাপদ বাজারজাতকরণ, হিসাবরক্ষণ এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণের অর্থায়ন করছে উপজেলা পরিষদ, শালিখা, মাগুরা। প্রশিক্ষনের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৪০জন ব্রয়লার খামারি ও বিক্রেতারা প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
Leave a Reply